আগরতলা, ১৬ নভেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক'র সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মাসিক মিটিং। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের বৈঠকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর বিস্তৃত আলোচনা করা হয়।
বৈঠকে জেলা পুলিশ ছাড়াও বি এস এফ, সি আর পি এফ, টি এস আর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকার নিরাপত্তা, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য আদান–প্রদান এবং উৎসব-মৌসুমে জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে সবাই মতবিনিময় করেন।
জেলা পুলিশ সুপার নমিত পাঠক, আই পি এস সংশ্লিষ্ট সকল বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সকল সংস্থার যৌথ প্রয়াসেই জেলা নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা সম্ভব। আমাদের লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”
বৈঠকে আগামী দিনে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা, টহলদারি বৃদ্ধি, সংবেদনশীল অঞ্চলগুলিতে নজরদারি জোরদার এবং আন্তঃসংস্থাগত সমন্বয় বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পুলিশের মতে, এ ধরনের সমন্বিত মিটিং ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।
0 মন্তব্যসমূহ